সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতি এড়াতে দুবলারচরে রাসপূর্ণিমা উৎসব ঘিরে কঠোর বিধিনিষেধ জারি করেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ। আগামী ২২ থেকে ২৪ নভেম্বর তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে তীর্থযাত্রীদের যাতায়াতের জন্য পাঁচটি নৌপথ নির্ধারণের পাশাপাশি প্লাস্টিক ব্যবহার, শব্দদূষণ এবং বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর সরঞ্জাম বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, রাসপূর্ণিমার ধর্মীয় আয়োজনে শুধু সনাতন ধর্মাবলম্বীরা অংশ নিতে পারবেন। লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও দেশি নৌকায় নির্ধারিত পাঁচটি নৌপথের যেকোনো একটি ব্যবহার করে দুবলারচরে যেতে হবে। উৎসবের নিরাপত্তায় বন বিভাগ, বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা দায়িত্ব পালন করবেন।
পাঁচটি নির্ধারিত নৌপথ
তীর্থযাত্রীদের যাতায়াতের জন্য বন বিভাগ যে পাঁচটি পথ নির্ধারণ করেছে, সেগুলো হলো—
১. বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলানদী-বলনদী-পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলারচর।
২. কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, এরপর শিবসা নদী ও মরজাত হয়ে দুবলারচর।
৩. নলিয়ান স্টেশন হয়ে শিবসা ও মরজাত নদী দিয়ে দুবলারচর।
৪. ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদী হয়ে দুবলারচর।
৫. বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী-শেলারচর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলারচর।
চাঁদপাই স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ জানান, ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তীর্থযাত্রীরা সুন্দরবনে প্রবেশের অনুমতি পাবেন। নৌযানের প্রবেশ ফি, অবস্থান ফি এবং যাত্রীর সংখ্যা অনুযায়ী সরকারি রাজস্ব পরিশোধ করে অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে।
তিনি বলেন, অনুমতিপত্রে সিল দিয়ে নৌপথের নাম উল্লেখ করা হবে। তীর্থযাত্রীরা পাঁচটি পথের মধ্যে একটি বেছে নিতে পারবেন। আগামী ২২ নভেম্বর দিনের ভাটায় যাত্রা শুরু করতে হবে এবং নির্ধারিত পথে দিনের বেলায় চলাচল করতে হবে। বন বিভাগের চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও নৌযান থামানো যাবে না।
নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট অথবা বয়া রাখা বাধ্যতামূলক। প্রতিটি জলযানের গায়ে রং বা স্টিকারের মাধ্যমে বি, এল, সি/সিরিয়াল নম্বর ও যাত্রীর সংখ্যা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। প্রত্যেক পুণ্যার্থীকে প্রবেশের সময় দেওয়া টিকিট বা টোকেন সঙ্গে রাখতে হবে। সব নৌযানকে আলোরকোলের নিয়ন্ত্রণকক্ষে রিপোর্ট করতে হবে।
বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় বিশেষ সতর্কতা
বন বিভাগের নির্দেশনায় সুন্দরবনে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকদ্রব্য বহন বা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। হরিণ শিকারের ফাঁদ, দড়ি, গাছ কাটার কুড়াল, করাতসহ কোনো অবৈধ সরঞ্জাম বহন করা যাবে না। এসব সামগ্রী কারও কাছে পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একইভাবে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের প্লেট, পানির বোতল, গ্লাস ও চামচ নেওয়া নিষিদ্ধ। বনের পরিবেশ ও প্রাণিকুলের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে—এমন শব্দদূষণ রোধে লঞ্চ, ট্রলার, নৌকা এবং পুণ্যস্নানস্থলে মাইক বাজানো, পটকা বা বাজি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
সুন্দরবনে প্রবেশের সময় জাতীয় পরিচয়পত্র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া সনদপত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে।
বন বিভাগ জানিয়েছে, নির্ধারিত ফরেস্ট স্টেশন থেকে সরকারি রাজস্ব পরিশোধ করে অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। একই সঙ্গে নির্ধারিত নৌপথ ও পরিবেশ সংরক্ষণসংক্রান্ত নির্দেশনা মেনে চলতে হবে। ধর্মীয় উৎসব উদ্যাপনের পাশাপাশি সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।