আসন্ন রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা ‘আবার দেখা হলে’। এতে প্রথমবারের মতো জুটি হয়ে পর্দায় আসছেন সময়ের আলোচিত অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। পারিবারিক আবহ ও মধ্যবিত্ত জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সিয়াম ও তুষি ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। আরও রয়েছেন দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহ ও রিজওয়ান পারভেজ।
‘সিঙ্গার-বেকো’ প্রেজেন্টস ‘আবার দেখা হলে’ প্রযোজনা করছে ফিল্মি ফিচার। সিনেমাটির সহ-প্রযোজক ও অফিশিয়াল ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এটি নির্মিত হচ্ছে ‘এমআইবি স্টুডিওস’-এর সহযোগিতায়।
প্রেক্ষাগৃহের জন্য নির্মাতা শঙ্খ দাশগুপ্তের এটি দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি নির্মাণ করেছেন ‘প্রিয় মালতী’। এ ছাড়া ওটিটির জন্য তাঁর নির্মিত ‘চা গরম’ প্রশংসিত হয়েছিল।
নির্মাতা জানান, ‘আবার দেখা হলে’ ড্রামা ঘরানার সিনেমা। পরিবারের সব বয়সী সদস্য একসঙ্গে বসে এটি উপভোগ করতে পারবেন। সিনেমার গল্পে উঠে আসবে মধ্যবিত্ত জীবনের আবেগ, পারিবারিক মূল্যবোধ, সম্পর্কের টানাপোড়েন, বাস্তব জীবনের দ্বন্দ্ব ও নাটকীয়তা। তবে গল্পটি শুধু গম্ভীর আবহে সীমাবদ্ধ নয়; মূল আবেগের পাশাপাশি এতে থাকবে হাস্যরসও।
শঙ্খ দাশগুপ্ত বলেন, গল্পটি মূলত মধ্যবিত্ত শ্রেণির জীবনকে ঘিরে। এতে দর্শকদের পরিচিত অভিনয়শিল্পীরা রয়েছেন, যাঁদের অভিনয়ও গল্পের অন্যতম শক্তি হয়ে উঠবে।
সিনেমার মূল ভাবনা সম্পর্কে নির্মাতা বলেন, এটি মূলত নিজেকে ফিরে পাওয়ার গল্প। ফেলে আসা সময়কে ফিরে দেখা, নিজের অতীতকে খুঁজে দেখা কিংবা জীবনের নানা ঘটনার কারণ জানতে চাওয়ার মধ্য দিয়ে যে অনুভূতি ও পরিস্থিতির সৃষ্টি হয়, সেগুলোই সিনেমায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাঁর আশা, দর্শক নিজেদের জীবনের সঙ্গে গল্পের নানা মুহূর্ত মিলিয়ে নিতে পারবেন।
নির্মাতার ভাষ্য অনুযায়ী, সিনেমায় ভিন্ন ভিন্ন সময়ের মধ্য দিয়ে নিজের শিকড় ও অতীতকে নতুন করে খুঁজে পাওয়ার বিষয়টি তুলে ধরা হবে। স্মৃতিঘেরা এই যাত্রাকে আরও অর্থবহ করে তুলবে আবহসংগীত ও গান।
সিনেমাটির সহ-প্রযোজক চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, চরকি সব সময় ভিন্ন স্বাদের গল্প নিয়ে কাজ করতে আগ্রহী। ‘আবার দেখা হলে’ পরিবারের গল্প এবং নিজেকে নতুন করে ফিরে দেখার গল্প। জীবনের একটি পর্যায়ে এমন অনুভূতি ও পরিস্থিতির মধ্য দিয়ে প্রায় সবাইকে যেতে হয়। তাই গল্পটির সঙ্গে যুক্ত হতে আগ্রহী হয়েছে চরকি।
তিনি আরও বলেন, চরকির সিনেমাগুলো দর্শকদের কাছ থেকে বরাবরই সাড়া পেয়েছে। আসন্ন ঈদেও দর্শকেরা যেন পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করতে পারেন, সেটিও সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়ার অন্যতম কারণ।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ।