তাইওয়ানকে চীনের সঙ্গে পুনরায় একীভূত করার বিষয়ে নিজেদের অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, ইতিহাসের গতিপথ থামিয়ে রাখা সম্ভব নয়। মাতৃভূমির পূর্ণাঙ্গ পুনর্মিলন অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তবে এ লক্ষ্য অর্জনে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের বিপ্লবী নেতা সান ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসব কথা বলেন শি জিনপিং। এ সময় তাইওয়ান প্রশ্নে বেইজিংয়ের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
শি জিনপিং বলেন, তাইওয়ান সমস্যার সমাধান চীনের কমিউনিস্ট পার্টির একটি অটল ঐতিহাসিক দায়িত্ব। ইতিহাসের স্রোত থামানো যায় না। মাতৃভূমির পূর্ণাঙ্গ পুনর্মিলন অবশ্যই বাস্তবায়িত হবে।
চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে। তবে গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ান নিজস্ব রাজনৈতিক ব্যবস্থা ও প্রশাসন বজায় রাখতে চায়। বেইজিংয়ের প্রস্তাবিত ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির আওতায় তাইওয়ানকে চীনের অধীনে স্বায়ত্তশাসনের সুযোগ দেওয়ার কথা বলা হলেও দ্বীপটির প্রধান রাজনৈতিক দলগুলো এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
ভাষণে শি জিনপিং বলেন, চীন শান্তিপূর্ণ পুনর্মিলন এবং ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতিতে বিশ্বাসী। এক চীন নীতির ভিত্তিতে তাইওয়ানের সঙ্গে আলোচনায় বসতেও বেইজিং প্রস্তুত। একই সঙ্গে তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তাঁর মতে, তাইওয়ান প্রণালির দুই পাশের মানুষের উচিত সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নে কাজ করা।
তবে চীনা প্রেসিডেন্টের এ অবস্থান প্রত্যাখ্যান করেছে তাইওয়ান সরকার। দেশটির মূল ভূখণ্ডবিষয়ক পরিষদ জানিয়েছে, সরকার কিংবা জনগণ কেউই ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি গ্রহণে রাজি নয়। তাদের মতে, এ নীতি মেনে নেওয়ার অর্থ হবে শেষ পর্যন্ত চীনের কমিউনিস্ট পার্টির শাসন মেনে নেওয়া।
পরিষদের মুখপাত্র লিয়াং ওয়েন-চিয়েহ সাংবাদিকদের বলেন, তাইওয়ানকে একীভূত করার বিষয়ে চীনের বক্তব্য আগের অবস্থান থেকে খুব একটা আলাদা নয়।
এদিকে তাইওয়ান ঘিরে চীনের সামরিক তৎপরতাও অব্যাহত রয়েছে। প্রয়োজনে দ্বীপটির বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা কখনোই নাকচ করেনি বেইজিং। নিয়মিত সামরিক মহড়া ও নজরদারিও চালিয়ে যাচ্ছে চীনা বাহিনী।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার চীনা যুদ্ধজাহাজের সঙ্গে সমন্বয় করে দ্বীপটিকে ঘিরে যুদ্ধ প্রস্তুতিমূলক টহল চালিয়েছে চীনের সামরিক বাহিনী। এ সময় জে-১৬ যুদ্ধবিমান ও চালকবিহীন উড়োজাহাজসহ মোট ২৯টি চীনা সামরিক বিমান শনাক্ত করা হয়েছে।
আঞ্চলিক উত্তেজনার মধ্যে শি জিনপিংয়ের এ বক্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। চীনের দক্ষিণাঞ্চলীয় প্রযুক্তিনগরী শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের এক সপ্তাহ আগে তিনি এ বক্তব্য দিলেন। ওই সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ছাড়া সামনে রয়েছে তাইওয়ানের গুরুত্বপূর্ণ স্থানীয় নির্বাচন।
এর আগে গত সেপ্টেম্বরে ওয়াশিংটনে রাষ্ট্রীয় সফরে গিয়ে তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে ‘বিচক্ষণতা’ প্রদর্শনের আহ্বান জানিয়েছিলেন শি জিনপিং। একই সঙ্গে তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
অন্যদিকে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ নিয়েও নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে ওয়াশিংটন তাইওয়ানের ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র কেনার একটি প্রক্রিয়া স্থগিত করেছিল। সে সময় ট্রাম্প এটিকে চীনের সঙ্গে আলোচনায় দর-কষাকষির হাতিয়ার হিসেবে উল্লেখ করেন। এতে তাইওয়ানের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা