পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন ও শিক্ষা প্রসারে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের উদ্যোগে ১০ জন দরিদ্র পাহাড়ি শিক্ষার্থীর মধ্যে একাদশ শ্রেণির ১০ সেট বই বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে মাটিরাঙ্গা জোন সদরে শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি।
বই পেয়ে আনন্দ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তাঁরা জানান, আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় বই কেনা তাঁদের জন্য কঠিন ছিল। জোনের এই সহায়তায় এখন নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। এ সময় তাঁরা মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বই বিতরণকালে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান বলেন, শিক্ষাই পাহাড়ের উন্নয়নের মূল চাবিকাঠি। দারিদ্র্যের কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে লক্ষ্যে মাটিরাঙ্গা জোন সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি, অন্যান্য সামরিক কর্মকর্তা, শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা সেনাবাহিনীর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের শিক্ষা সহায়তা পাহাড়ের দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে এবং শিক্ষার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।