সংবাদ সংক্রান্ত বিষয়ে বক্তব্য নিতে গিয়ে দুই সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়ে জিডি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পাবনার সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমানের বিরুদ্ধে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সাঁথিয়া থানার ওসির কক্ষে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন—এখন টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি মাসুদ রানা ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি আলাল উদ্দিন।
জানা যায়, সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়ীয়া গ্রামের ফরিদা খাতুনের দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত এক নম্বর আসামি লিটনকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে সাঁথিয়া থানা পুলিশ। এ বিষয়ে ওসির বক্তব্য জানতে মঙ্গলবার দুপুরে তাঁর কক্ষে যান ওই দুই সাংবাদিক।
অভিযোগপত্র থেকে এক নম্বর আসামির নাম বাদ দেওয়ার কারণ জানতে চাইলে বক্তব্য না দিয়ে ওসি ক্ষিপ্ত হন। একপর্যায়ে সাংবাদিকদের নাম-পরিচয় সংগ্রহ করে তাঁদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য থানার পুলিশ সদস্যদের নির্দেশ দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিকরা।
এ বিষয়ে এখন টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি মাসুদ রানা বলেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সংবাদের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য নেওয়া প্রয়োজন। কিন্তু সাক্ষাৎকার না দিয়ে এ ধরনের আচরণ কাম্য নয়।
নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি আলাল উদ্দিন বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের যদি থানায় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে সাধারণ মানুষ কীভাবে সেবা পাচ্ছেন, তা নিয়েও প্রশ্ন ওঠে।
এদিকে, পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া ঠিক হয়নি। দ্রুত ঘটনার তদন্ত করে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
অভিযোগের বিষয়ে সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান বলেন, আদালতে বিচারাধীন একটি মামলার বিষয়ে সাংবাদিকরা সাক্ষাৎকার নিতে এসেছিলেন। তিনি বিচারাধীন মামলার বিষয়ে কথা বলতে পারবেন না বলে জানান। কিন্তু সাংবাদিকরা আক্রমণাত্মক কথাবার্তা বলেন এবং সাক্ষাৎকার দিতে চাপ প্রয়োগ করেন বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, তিনি কথা বলতে না চাইলে সাংবাদিকরা তাঁকে বাধ্য করতে পারেন না। তাঁদের আচরণ সাংবাদিকসুলভ ছিল না।
মামলার বিষয়ে ওসি আরও বলেন, এটি গত এপ্রিল মাসে দায়ের করা একটি মারামারির মামলা। তদন্তে এক নম্বর আসামি লিটনের জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র থেকে তাঁর নাম বাদ দিয়েছেন। মামলার তদন্তে কারও নাম বাদ পড়তে পারে, আবার কারও নাম যুক্তও হতে পারে।
এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, সাংবাদিকদের সঙ্গে ওই দিন ওসির এমন আচরণ করা ঠিক হয়নি। সাংবাদিকরা প্রশ্ন করতেই পারেন। কীভাবে উত্তর দেবেন, সেটি তাঁর নিজস্ব বিষয়।
উল্লেখ্য, এর আগে আমিনপুর থানায় দায়িত্ব পালনকালে ওসি আনিছুর রহমানের বিরুদ্ধে মামলা গ্রহণে অর্থ দাবি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। পরবর্তী সময়ে তাঁকে বদলি করা হয়। সম্প্রতি তিনি আবার সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন।