যশোরের শার্শা উপজেলায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডাবলু হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মেহেদী হাসান রিফাত (১৯) নামে মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার শার্শা-কাশিপুর সড়কের সুবর্ণখালী তিন রাস্তার মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ডাবলু শার্শার সুবর্ণখালী গ্রামের আবুল হোসেনের ছেলে। আহত মেহেদী হাসান রিফাত একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সুবর্ণখালী তিন রাস্তার মোড়ে একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ডাবলু ও পেছনে থাকা আরোহী রিফাত সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার সাকিব পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাবলুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রিফাত বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।