পূর্ব সুন্দরবনের জোংড়া বনাঞ্চলে শিকারিদের পেতে রাখা ফাঁদ থেকে দুটি হরিণ জীবিত উদ্ধার করেছেন বনরক্ষীরা। পরে হরিণ দুটি নিরাপদে বনের মধ্যে অবমুক্ত করা হয়। এ সময় শিকারিদের পেতে রাখা বিপুল পরিমাণ হরিণ ধরার ফাঁদ জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া ফরেস্ট টহল ফাঁড়ির আওতাধীন কুঞ্চিরখাল এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, জোংড়া ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মতিউর রহমানের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল বনের ভেতরে পায়ে হেঁটে নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় কুঞ্চিরখাল এলাকার বনের মধ্যে শিকারিদের পেতে রাখা হরিণ ধরার ফাঁদ দেখতে পেয়ে তাঁরা সেখানে এগিয়ে যান। পরে ফাঁদে আটকে থাকা দুটি হরিণ দেখতে পেয়ে দ্রুত সেগুলো উদ্ধার করেন। উদ্ধার শেষে হরিণ দুটি সুন্দরবনের নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে শিকারিদের ব্যবহারের জন্য পেতে রাখা বিপুল পরিমাণ ফাঁদ জব্দ করেন বনরক্ষীরা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী জানান, জোংড়া টহল ফাঁড়ির বনরক্ষীদের পায়ে হেঁটে টহল দেওয়ার কারণে দুটি হরিণের প্রাণ রক্ষা করা সম্ভব হয়েছে। সুন্দরবনের বন্যপ্রাণী সুরক্ষা ও অবৈধ শিকার প্রতিরোধে বনরক্ষীদের টহল কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।