পোশাক শ্রমিকদের বিক্ষোভের জেরে গাজীপুর শিল্পাঞ্চলে প্রায় দেড় শতাধিক পোশাক কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। তবে আগামীকাল নির্ধারিত সময়েই কারখানাগুলো খুলবে বলে আশা করছে শিল্প পুলিশ।
গাজীপুর শিল্প পুলিশের সুপার আমজাদ হোসেন বিকেল ৩টার দিকে জানান, ছুটি দেওয়া কারখানাগুলো আগামীকাল যথাসময়ে চালু হওয়ার কথা রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
এর আগে সকাল থেকে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। দুপুরের আগে গাজীপুর মহানগর এলাকায় বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন দেন। এ ছাড়া বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে অবস্থান নেন শ্রমিকেরা।
আমজাদ হোসেন আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, জেলা ও মহানগর পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও কাজ করছেন।