মানহানি, আপত্তিকর ছবি প্রকাশ ও সাইবার হয়রানির অভিযোগে মডেল ও অভিনেত্রী তানজিন নাহার তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায়ের চেম্বার থেকে এ নোটিশ পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী এবং তাঁর আইনজীবী।
নোটিশে অভিযোগ করা হয়েছে, গত ২৭ অক্টোবর তিশার ভেরিফায়েড ফেসবুক পেজে সানায়ার বিরুদ্ধে আপত্তিকর ছবি ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়। এতে তাঁর ব্যক্তিগত সম্মান ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া মেসেঞ্জারে ছবি প্রকাশের হুমকি দেওয়া এবং অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশের অভিযোগও তোলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, এটি পাওয়ার দুই দিনের মধ্যে তিশার ফেসবুক পেজ থেকে সংশ্লিষ্ট ছবি ও লেখা সরিয়ে ফেলতে হবে। পাশাপাশি ভবিষ্যতে অনুমতি ছাড়া ছবি প্রকাশ করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গত ২৬ অক্টোবর তিশার বিরুদ্ধে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন সানায়া।
আদালত তিশাকে সমন জারি করে আগামী ২৩ নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
সানায়ার দাবি, এর আগে দায়ের করা একটি মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে তাঁর নারাজি আবেদন মঞ্জুর করেন আদালত। পরে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়। এরপর তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন সানায়া।
kalprakash.com/IM