পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, নারী শিক্ষক ও কর্মীদের মধ্যে আর্থিক সচেতনতা, সঞ্চয়ের অভ্যাস এবং শরিয়াহসম্মত বিনিয়োগচর্চা বাড়াতে দেশব্যাপী একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
‘এমপাওয়ার্ড উইমেন, এথিক্যাল ইনভেস্টমেন্টস’ শীর্ষক এই উদ্যোগ যৌথভাবে গ্রহণ করেছে ইকরা ইউনিভার্সিটির সেন্টার ফর এক্সিলেন্স ইন ইসলামিক ফিনটেক (আইইউ সিইআইএফ) এবং জেডএলকে ইসলামিক ফিন্যানশিয়াল সার্ভিসেস।
এই উদ্যোগের লক্ষ্য হলো আর্থিক শিক্ষা কার্যক্রম, ডিজিটাল বিনিয়োগ প্ল্যাটফর্ম, শেয়ারবাজারের হালনাগাদ তথ্য এবং দিকনির্দেশনামূলক প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের বাস্তব বিনিয়োগের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া।
প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা আর্থিক বিষয়ে সচেতনতা বাড়ানো, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, তথ্যভিত্তিক বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া এবং দায়িত্বশীল উপায়ে সম্পদ সৃষ্টির পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন। একই সঙ্গে আর্থিক খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতেও উৎসাহ দেওয়া হবে।
ইকরা ইউনিভার্সিটিতে এ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনের অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফিন্যানশিয়াল ইনস্টিটিউশন্সের চেয়ারম্যান শেখ ইব্রাহিম বিন খলিফা আল খলিফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসিপি) কমিশনার ইমতিয়াজ হায়দার।
অনুষ্ঠানে ইসলামী অর্থায়ন, আর্থিক প্রযুক্তি এবং দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ইকরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. নাসার ইকরাম বলেন, এই উদ্যোগ নারীদের বিনিয়োগের সিদ্ধান্তে নৈতিক নীতিমালা প্রয়োগের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম দেবে। পাশাপাশি আর্থিক খাতে নেতৃত্বের দায়িত্ব গ্রহণের জন্য তাঁদের প্রস্তুত করবে।
ইউএনআইডিওর বিনিয়োগ ও প্রযুক্তি উন্নয়ন বিভাগের প্রধান ড. হাশিম হুসেইন নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নে উদ্যোক্তা কার্যক্রম, প্রযুক্তি, বিনিয়োগবিষয়ক জ্ঞান এবং প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের অবদানের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি শেখ ইব্রাহিম বিন খলিফা আল খলিফা নৈতিক ও শরিয়াহসম্মত আর্থিক চর্চার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জ্ঞান, উদ্ভাবন এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা নারীদের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি করতে পারে।
প্রতিযোগিতায় সর্বোচ্চ পারফরম্যান্সকারী তিনটি দলকে আইইউ সিইআইএফ, জেডএলকে ইসলামিক ফিন্যানশিয়াল সার্ভিসেস এবং অন্যান্য কৌশলগত অংশীদারের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
সূত্র: পাক অবজার্ভার ডটনেট
kalprakash.com/IM