আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৭ নভেম্বর (শনিবার) সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে বিএনপির সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। এ ছাড়া ওই দিন নয়াপল্টন থেকে কেন্দ্রীয়ভাবে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। পাশাপাশি সারা দেশে জেলা ও উপজেলা কার্যালয় থেকেও র্যালি বের করা হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দিবসটি উপলক্ষে বরাবরের মতো আগামী ৭ নভেম্বর বেলা ১১টায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে। সেই সঙ্গে ফাতেহা পাঠ করা হবে।
এ ছাড়া দিবসটি ঘিরে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে জানিয়ে তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অঙ্গসংগঠনগুলো পোস্টার প্রকাশের পাশাপাশি আলোচনা সভার আয়োজন করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করবে।
দেশের সব জেলায় জাতীয় কর্মসূচির আলোকে অনুরূপ কর্মসূচির আয়োজন করা হবে জানিয়ে তিনি বলেন, এর বাইরেও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালনের কথা জানিয়েছে। তবে বিএনপির কর্মসূচির মধ্যে আলোচনা সভার তারিখ দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেতাদের আলোচনার পর নির্ধারণ করা হবে। এ সময় সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ৬ নভেম্বর (শুক্রবার) ওই আলোচনা সভা অনুষ্ঠিত হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
kalprakash.com/IM