দেশের সব মাদরাসায় গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নির্দেশনায় বলা হয়েছে, প্রত্যেক মাদরাসায় নিয়মিত খেলাধুলার অনুশীলন ও প্রতিযোগিতার আয়োজন করতে হবে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় ১০টি ইভেন্টের পাশাপাশি আর্চারি, শ্যুটিং ও হকি খেলার অনুশীলন এবং প্রতিযোগিতা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি গ্রহণ করেছে।
এই কর্মসূচির ১০টি ইভেন্ট হলো ফুটবল, টি-টেন ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার, মার্শাল আর্ট, ভলিবল ও টেবিল টেনিস। এসব ইভেন্টের পাশাপাশি মাদরাসাগুলোতে আর্চারি, শ্যুটিং ও হকি খেলার নিয়মিত অনুশীলন এবং প্রতিযোগিতা আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বোর্ডের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মাদকাসক্তি ও অতিরিক্ত ডিজিটাল আসক্তি মোকাবিলা, শিশু-কিশোরদের সুস্থ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তোলা এবং ক্রীড়াকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কর্মসূচির আওতায় নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়দের সরকারি ক্রীড়া বৃত্তি এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) উন্নত প্রশিক্ষণের সুযোগ রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
kalprakash.com/IM