গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সদর থানার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতা মিলন ও ছাত্রলীগের নেতা মুরসালিনের নেতৃত্বে বেশ কয়েকজন মিছিল নিয়ে পুলিশের ওপর হামলা চালান।
এ সময় সদর থানার এসআই ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পরে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের হামলার মুখে পুলিশ সদস্যরা গাড়ি নিয়ে সরে যান। আহত দুই পুলিশ সদস্যকে গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের সদস্যদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।
kalprakash.com/IM