হোয়াটসঅ্যাপ ও মোবাইল ব্যাংকিং মাধ্যম বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে প্রতারণা করে অর্থ আদায়ের অভিযোগে নাটোরে আবু হুরায়রা (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি নাটোরের সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া গ্রামের জিয়াউদ্দিনের ছেলে।
নাটোরের পুলিশ সুপার মো. শরিফুল হক জানান, আটক আসামি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বে ছিলেন। তিনি নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব মো. আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করতেন।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টায় নাটোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে আবু হুরায়রা দেশের বিভিন্ন জেলার রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি, সরকারি চাকরিজীবী ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতেন। এ সময় তিনি নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব মো. আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ হিসেবে পরিচয় দিতেন।
এই পরিচয় ব্যবহার করে তিনি ও তাঁর সহযোগীরা বিভিন্ন ব্যক্তিকে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিতেন। পাশাপাশি বিএনপির রাজনৈতিক পদে পদায়ন বা মনোনয়নের ব্যবস্থা করে দেওয়ার কথা বলেও অর্থ দাবি করতেন। এভাবে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করাই ছিল তাঁদের উদ্দেশ্য বলে জানায় পুলিশ।
অভিযোগ রয়েছে, গত ১৯ অক্টোবর বিকেল ৩টা ১১ মিনিটে আবু হুরায়রা ও তাঁর সহযোগীরা নিজেদের ব্যবহৃত মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক কাদের গণি চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তাঁরা নিজেদের প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের অফিস স্টাফ হিসেবে পরিচয় দিয়ে বিএনপির মনোনীত রাজনৈতিক পদে পদায়নের জন্য একটি ফরম পূরণের কথা বলেন এবং তাঁর কাছ থেকে টাকা আদায় করেন।
এ ছাড়া একজন ব্যারিস্টারকে একইভাবে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের অফিস স্টাফ পরিচয় দিয়ে অনলাইনে একটি ফরম পূরণের কথা বলে রাজনৈতিক পদে পদায়নের আশ্বাসে টাকা দাবি করার তথ্য পাওয়া যায়।
বিষয়টি একপর্যায়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব মো. আতিকুর রহমান রুমন জানতে পারলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নাটোরের পুলিশ সুপারের দিকনির্দেশনায় নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের সদস্য আবু হুরায়রাকে নিজ বাড়ি থেকে আটক করে।
মো. শরিফুল হক ঢাকা পোস্টকে বলেন, আটক আসামি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ বেতার রংপুরে রেডিও টেকনিশিয়ান পদে সরকারি চাকরিতে কর্মরত ছিলেন। রংপুরে অবস্থানকালে একই রকম প্রতারণা মামলায় তিনি বরখাস্ত হন এবং তাঁর বিরুদ্ধে আগে একাধিক সাইবার সুরক্ষা আইন ও প্রতারণার অভিযোগে মামলা রয়েছে বলে জানান তিনি।
kalprakash.com/IM