মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনেও নম্বরপ্লেট লাগানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ অনুযায়ী মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট না লাগালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিআরটিএর নতুন নির্দেশনায় নম্বরপ্লেটের আকার, উপাদান ও লেখার ধরন নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ অনুযায়ী, স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, নম্বরপ্লেট তৈরি করতে হবে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে। সাদা পটভূমির ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
এ ছাড়া নম্বরপ্লেটের ওপর কোনো ধরনের শোভাবর্ধক উপাদান বা নকশা ব্যবহার করা যাবে না। তবে স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর একটি আনুভূমিক রেখায় প্রদর্শনের সুযোগ রাখা হয়েছে। যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯।
সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী, মোটরসাইকেলে অনুমোদিত আরএফআইডি ট্যাগযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। এর ধারাবাহিকতায় নতুন নির্দেশনায় মোটরসাইকেলের সামনে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের কথা বলা হয়েছে।
kalprakash.com/IM