রাঙামাটির সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৬টা থেকে এ কর্মসূচি শুরু হবে।
সাজেকবাসীর তিন দফা দাবি পূরণে প্রশাসনের ব্যর্থতা এবং দেওয়া শর্ত ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে সংগঠন দুটি এ কর্মসূচি ঘোষণা করেছে।
সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়, ৪৮ ঘণ্টার সময়সীমার মধ্যে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ সাজেকবাসীর তিন দফা দাবি পূরণে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। এ কারণে বৃহস্পতিবার থেকে আবারও সড়ক অবরোধ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত রোববার অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিয়েছিল সংগঠন দুটি। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় সাড়ে ১১ ঘণ্টা পর কর্মসূচি প্রত্যাহার করা হয়।
অবরোধ চলাকালে জরুরি সেবার যানবাহন চলাচল কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও মরদেহবাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যান, সংবাদপত্র বহনকারী গাড়ি এবং সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের যানবাহন।
kalprakash.com/IM