ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় যৌথ মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁদের এক সহযোগী কৌশলে পালিয়ে যান। অভিযানে মাদক বিক্রির নগদ টাকাও জব্দ করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রুহিয়া থানার কশালগাঁও সেনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে সেনপাড়া এলাকার একটি বসতবাড়িতে নিষিদ্ধ মাদকের বেচাকেনা চলছে। খবর পেয়ে রুহিয়া থানার এসআই রাম বাবু রায়ের নেতৃত্বে একটি দল দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে ওই বাড়িতে অভিযান চালায়। পরে ঘরে তল্লাশি চালিয়ে টিনের চালাসংলগ্ন একটি বাঁশের খুঁটির ভেতর কৌশলে লুকিয়ে রাখা ৯টি নীল জিপার ব্যাগ থেকে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে পলিথিনে মোড়ানো ৮ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৭৭০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোছা. লাভলী বেগম (২৩) ও মোছা. মুসিদা বেগম (৫৫)। তবে ঘটনার পর থেকে তাঁদের সহযোগী ও লাভলী বেগমের স্বামী মো. মোকসেদুল ইসলাম (৩১) পলাতক রয়েছেন। তাঁদের সবার বাড়ি কশালগাঁও সেনপাড়া গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পলাতক আসামি মোকসেদুল বিভিন্ন এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে নিজ বাড়িতে মজুত করতেন। পরে গ্রেপ্তার আসামিদের সঙ্গে যোগসাজশে তাঁরা এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতেন।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় রুহিয়া থানায় একটি নিয়মিত মামলা (মামলা নম্বর-০৬/৮৭) দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
kalprakash.com/IM