আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বাগেরহাটে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতামূলক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসক চত্বর থেকে র্যালিটি বের হয়ে খুলনা-বাগেরহাট মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে করণীয় বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়। এতে দুর্যোগকালীন জরুরি পরিস্থিতি মোকাবিলা, উদ্ধার কার্যক্রম ও তাৎক্ষণিক করণীয় সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
পরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন বীথি, জেলা প্রশাসকের কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. সাঈদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হাসান এবং বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ জরুরি। ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় সরকারি দপ্তর, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় বক্তারা দুর্যোগের ঝুঁকি হ্রাসে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ আশ্রয় গ্রহণ, অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনায় প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে বিভিন্ন এনজিওর প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
এদিকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বাগেরহাটের ফকিরহাট, মোল্লাহাট ও কচুয়াসহ জেলার নয়টি উপজেলাতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
kalprakash.com/IM