ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কতটা শক্তিশালী, তা বোঝা যায় তাঁর সঙ্গে করমর্দনের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাঁসফাঁস করে ওঠার ঘটনা থেকে। এমনটাই দাবি করেছেন ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোরালো করমর্দন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা হয়েছে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে করমর্দনের সময় ট্রাম্প নিজেই হাঁসফাঁস করে উঠেছিলেন বলে দাবি করেছেন বোল্টন।
বোল্টন বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী মোদি একবার ট্রাম্পের সঙ্গে এত জোরে করমর্দন করেছিলেন যে ট্রাম্প হাঁসফাঁস করে উঠেছিলেন। যা মনে করিয়ে দেয়, মোদি আসলে কতটা শক্তিশালী।’
আরটি ইন্টারন্যাশনালের অনুষ্ঠান ‘নিউ অর্ডার উইথ আফসিন রত্তানসি’-তে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন বোল্টন। সাক্ষাৎকারের ওই অংশটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও শেয়ার করা হয়েছে।
ট্রাম্পের করমর্দনের ধরন মার্কিন সংবাদমাধ্যমে আগেও যথেষ্ট আলোচনার বিষয় হয়েছে। বিভিন্ন সময়ে করমর্দনের সময় অন্য ব্যক্তির হাত ধরে নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতা দেখা গেছে তাঁর মধ্যে। সংবাদমাধ্যমের কিছু বিশ্লেষণে এই আচরণকে প্রভাব বিস্তার বা আধিপত্য প্রদর্শনের কৌশল হিসেবেও ব্যাখ্যা করা হয়েছে।
২০১৭ সালে দ্য ওয়াশিংটন পোস্ট ট্রাম্পের এমন করমর্দনের কয়েকটি ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই প্রতিবেদনে তৎকালীন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, সুপ্রিম কোর্টের মনোনীত বিচারপতি নিল গরসাচ এবং জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ট্রাম্পের করমর্দনের প্রসঙ্গ উঠে এসেছিল।
সূত্র: নিউজ এইটিন
kalprakash.com/IM