‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অগ্নি নির্বাপণবিষয়ক মহড়া প্রদর্শনী হয়।
মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু। সভাপতি ইশতিয়াক আহম্মেদ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ূন কবির পাটোয়ারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোশারফ হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক, মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. হারুন উর রশীদ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরপ্রধান, ফায়ার সার্ভিসের সদস্য ও গণমাধ্যমকর্মীরা।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতিবছর কোনো না কোনো দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পাহাড়ে যাঁরা বসবাস করেন, সবাইকে পাহাড় কাটা থেকে বিরত থাকতে হবে। বিশ্বব্যাপী দুর্যোগের ব্যাপকতা প্রমাণ করে, দুর্যোগের পূর্ব সতর্কীকরণ ও ঝুঁকিহ্রাসই দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান কৌশল হওয়া উচিত। এই প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের নীতি-পরিকল্পনায় জনগণের জন্য দুর্যোগপূর্ব পূর্বাভাস ও দুর্যোগ ঝুঁকিহ্রাস কৌশল অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই যেকোনো দুর্যোগে সতর্কতা অবলম্বন করে কাজ করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদ্যাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকিহ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।
kalprakash.com/IM