জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টায় রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাঙামাটি সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার রতন চাকমার তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আল-মুনতাসির মামুন মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মহাজন। এছাড়া শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ১২৪ জন শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. আল-মুনতাসির মামুন মনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীত নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও ন্যায়বোধে উদ্বুদ্ধ করে।
তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সাংস্কৃতিক চর্চার সুযোগ করে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের কাছে আরও বেশি করে তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, উপজেলা পর্যায়ে যারা প্রথম স্থান অর্জন করেছে, তারা বিভাগীয় পর্যায়েও ভালো ফলাফল করে রাঙামাটির সুনাম বয়ে আনবে—এটাই প্রত্যাশা। পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদেরও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
আয়োজকরা জানান, উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা পরবর্তী সময়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।
kalprakash.com/IM