পাবনায় ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় লাল মোহাম্মদ লালু (২৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) দুপুরে পাবনার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দীন খান এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট রাজিউর রহমান রঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত লাল মোহাম্মদ লালু রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের মুনসাদ আলীর ছেলে।
মামলার নথি অনুযায়ী, ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় ২০১৮ সালের ৭ জুলাই পাবনা সদর থানায় মামলা করেন ডিবি পুলিশের এসআই অসীত কুমার বসাক। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত লাল মোহাম্মদ লালুকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রায় ঘোষণার সময় আসামি লাল মোহাম্মদ লালু আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না।
মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাপস কুমার সরকার। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রাজিউর রহমান রঞ্জু।
এর আগে গত সোমবার (৫ অক্টোবর) একই বিচারক পাবনার ঈশ্বরদীতে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
kalprakash.com/IM