বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১৭:১৫
শিরোনাম
● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

বেতন কাঠামো বদলালেও বৈষম্য কাটেনি বেসরকারি শিক্ষকদের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:১৬
শেয়ার: mail
বেতন কাঠামো বদলালেও বৈষম্য কাটেনি বেসরকারি শিক্ষকদের

নতুন বেতন কাঠামো কার্যকর হলেও সরকারি শিক্ষকদের সঙ্গে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বৈষম্য কাটেনি। মূল বেতন সরকারি কোষাগার থেকে শতভাগ পেলেও বাড়িভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা, শিক্ষা, শ্রান্তি-বিনোদন ও অবসর-সুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে এখনো পিছিয়ে রয়েছেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা।

দশকের পর দশক নানা আন্দোলন-সংগ্রাম করেও এই বৈষম্য দূর করতে না পারায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। শিক্ষাবিদরা মনে করছেন, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধায় বৈষম্য অব্যাহত থাকলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহ হারাতে পারেন।

শিক্ষাবিদদের মতে, শিক্ষকদের সংকট শুধু বেতন-ভাতার মধ্যে সীমাবদ্ধ নয়। পেশাগত প্রস্তুতি, কর্মপরিবেশ, পদোন্নতি, ক্যারিয়ার কাঠামো ও সামাজিক মর্যাদার ক্ষেত্রেও দীর্ঘদিনের ঘাটতি রয়েছে। তাই মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে সম্মানজনক বেতন-ভাতার পাশাপাশি পেশাগত নিরাপত্তা, নির্ভরযোগ্য ক্যারিয়ার পথ এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা জরুরি।

সরকারি-বেসরকারি শিক্ষকদের বৈষম্য

শিক্ষকদের বেতন বৈষম্য প্রসঙ্গে শিক্ষাবিদ ড. মনজুর আহমদ বলেন, শিক্ষকদের সংকট শুধু বেতন-ভাতার নয়; শিক্ষক ব্যবস্থাপনা, পেশাগত প্রস্তুতি, কর্মপরিবেশ, পদোন্নতি ও ক্যারিয়ার কাঠামোর দীর্ঘদিনের ঘাটতিও এর সঙ্গে যুক্ত। মেধাবীদের শিক্ষকতায় আনতে হলে সম্মানজনক আর্থিক সুবিধার পাশাপাশি পেশাগত নিরাপত্তা ও নির্ভরযোগ্য ক্যারিয়ার পথ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, শিক্ষকদের বেতন কাঠামোয় পরিবর্তন এলেও এর সুফল মূলত সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা পাবেন। দেশে মাধ্যমিক বিদ্যালয়ের মোট শিক্ষকের মাত্র ৩ শতাংশ সরকারি শিক্ষক। তাঁরা সরকারি চাকরির ২০টি গ্রেডের মধ্যে ১০ম গ্রেডের বেতন কাঠামোয় রয়েছেন।

অন্যদিকে মাধ্যমিক পর্যায়ের ৯৭ শতাংশ শিক্ষক এমপিওভুক্ত। তাঁরা সরকারি শিক্ষকদের তুলনায় মূল বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধায় পিছিয়ে রয়েছেন। আর নন-এমপিও শিক্ষকরা বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে বেতন পান, যা তুলনামূলকভাবে আরও কম।

ড. মনজুর আহমদ আরও বলেন, প্রাথমিক পর্যায়ের অধিকাংশ প্রতিষ্ঠান ও শিক্ষকও বেসরকারি ব্যবস্থার আওতাভুক্ত। তাঁদের জন্য বেতন কাঠামোর কোনো নিয়ন্ত্রিত ব্যবস্থা নেই। ফলে শিক্ষকদের সংকটময় অবস্থা থেকেই যাচ্ছে।

বর্তমান সরকারের শিক্ষা ভাবনায় অনেক পরিবর্তনের আশ্বাস শোনা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবে কতটা কার্যকর হবে, সেটিই এখন দেখার বিষয়।

মেধাবীদের শিক্ষকতায় আনতে হবে

মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করার ওপর গুরুত্ব দিয়ে ড. মনজুর আহমদ বলেন, মেধাবীদের শিক্ষকতায় আগ্রহী করে তুলতে হবে। তবে বর্তমানে ঔপনিবেশিক আমলের ভেরিফিকেশন ব্যবস্থার কারণে শিক্ষকতা পেশার প্রতি আগ্রহ আরও কমতে পারে। তাই বিষয়টি সরকারের পর্যালোচনায় রাখা উচিত।

বাংলাদেশের শিক্ষক সংকটকে বৈশ্বিক শিক্ষক সংকটের সঙ্গে মিলিয়ে তিনি বলেন, শিক্ষকতার ভূমিকা ও মর্যাদা শুধু বেতন-ভাতার বিষয় নয়। এর সঙ্গে পেশাগত প্রস্তুতি, প্রশিক্ষণ, কর্মপরিবেশ, পদোন্নতি, দায়িত্ব ও জবাবদিহির বিষয়ও যুক্ত। বাংলাদেশে শিক্ষক ব্যবস্থাপনার এসব ক্ষেত্রে দীর্ঘদিনের ঘাটতি রয়েছে।

তাই শুধু নতুন প্রকল্প বা প্রশিক্ষণ নয়, শিক্ষকতা পেশাকে দীর্ঘমেয়াদে আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ পেশায় পরিণত করার উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন তিনি।

তিনি বলেন, শিক্ষকরা সমাজের ভবিষ্যৎ নির্মাণ করেন। শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা ছাড়া শিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনা কঠিন। মেধাবীদের শিক্ষকতা পেশায় আনতে হলে তাঁদের জন্য নির্ভরযোগ্য ক্যারিয়ার পথ, সম্মানজনক বেতন-ভাতা এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছাড়া শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব নয়

শিক্ষাবিদ খোন্দকার কাওসার আহমেদ বলেন, ‘শিক্ষকের মর্যাদা শিক্ষককেই প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষক নিজেকে এমন এক অনন্য উচ্চতায় প্রস্তুত করবেন, যেন যথার্থ শিক্ষাদানের ক্ষেত্রে সমাজে তাঁর কোনো যথোপযুক্ত বিকল্প তৈরি না হয়। এমনটি কি আদতে সম্ভব? অবশ্যই সম্ভব। তবে এর জন্য রাষ্ট্রকে সার্বিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে।’

শিক্ষকদের মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকের পেশাগত আন্তরিকতা এবং রাষ্ট্রের উপযুক্ত পৃষ্ঠপোষকতার মেলবন্ধনেই নিহিত রয়েছে শিক্ষক সমাজের প্রত্যাশিত মান-মর্যাদা। শিক্ষক আন্তরিক, কিন্তু রাষ্ট্রের সহযোগিতা নেই—সেখানে শিক্ষকের মর্যাদা সুরক্ষিত থাকে না। আবার রাষ্ট্রের সহযোগিতা আছে, অথচ শিক্ষকের পেশাগত আন্তরিকতার অভাব—সেখানেও শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠিত হতে পারে না।

তাঁর মতে, যেখানে শিক্ষকের পেশাদারিত্ব অনুপস্থিত এবং রাষ্ট্রের অবস্থানও যথাযথ নয়, সেখানে শিক্ষক-সমাজের মর্যাদা বৃদ্ধি পাওয়া সম্ভব নয়।

তিনি বলেন, বহুদিন ধরে আমাদের সমাজে শিক্ষকের কাঙ্ক্ষিত সম্মান অনুপস্থিত। শিক্ষক দিবস উদযাপনের সঙ্গেও বৃহত্তর সমাজের ভক্তিপূর্ণ সম্পৃক্ততা নেই। শিক্ষক জাতি গড়ার কারিগর, শিক্ষার মেরুদণ্ড—এ ধরনের বহুল উচ্চারিত কথাবার্তাও শিক্ষকের কোনো সামাজিক অবস্থান তৈরি করতে পারেনি।

খোন্দকার কাওসার আহমেদের ভাষায়, এর অর্থ হলো—শিক্ষকের পেশাগত আন্তরিকতা ও নিষ্ঠার ঘাটতি রয়েছে, কিংবা রাষ্ট্রের পর্যাপ্ত আনুকূল্য অনুপস্থিত; অথবা দুটোই যথাযথভাবে নেই। এই দুই জায়গায় পরিবর্তন না আসা পর্যন্ত সমাজে শিক্ষকের কাঙ্ক্ষিত মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বেতন কাঠামো বদলালেও বৈষম্য কাটেনি বেসরকারি শিক্ষকদের

বিস্তারিত কমেন্টে