‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।
দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষকসহ সংশ্লিষ্টরা অংশ নেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সদর উপজেলা পরিষদের মুজিবুর রহমান ঢালী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া।
এ সময় আলোচনা সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধানসহ অন্যরা। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে গড়ে তুলতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই শিক্ষা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরও বলেন, একজন শিক্ষকের হাত ধরেই একজন শিক্ষার্থী ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া শুধু শিক্ষকদের প্রতি দায়িত্ব নয়, বরং একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম শর্ত। শিক্ষকদের কর্মপরিবেশ উন্নত করা এবং পেশাগত মর্যাদা সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তাঁরা।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এবং মানসম্মত শিক্ষা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
kalprakash.com/IM