রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের মারধর ও হামলার ঘটনায় চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত তিনটি সাংবাদিক সংগঠন। সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মৌন অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনগুলো।
এ সময় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম ও সাধারণ সম্পাদক জুয়েল রানা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম ও সাধারণ সম্পাদক রবিউল আলমসহ ক্যাম্পাসে কর্মরত অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিক মারধরে জড়িতদের বিচার দাবিতে বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করেন তাঁরা।
এদিকে এ ঘটনায় উদ্বেগ জানিয়ে এবং জড়িতদের বিচার দাবিতে পৃথক বিবৃতি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলো। এতে সাংবাদিক নেতারা বলেন, ‘কোনো রাজনৈতিক সংগঠন কিংবা কোনো ব্যক্তি সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার, ভয়ভীতি দেখানোর, হেনস্তা করার বা শারীরিকভাবে আক্রমণ করার অধিকার রাখে না। দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হামলা বা হয়রানির শিকার হতে হলে তা স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতার জন্য গভীর উদ্বেগের।’
তাঁরা আরও বলেন, ‘হামলা, হুমকি কিংবা ভয়ভীতি প্রদর্শন করে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ থেকে বিরত রাখা যাবে না। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।’
kalprakash.com/IM