নাটোরের নলডাঙ্গায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চোখের ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক ড. মো. জিয়াউল হক জিয়া। তিনি চোখের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
সোমবার (৫ অক্টোবর) নলডাঙ্গা ডায়াবেটিক সেন্টারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এবং ডায়াবেটিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও মেয়র প্রার্থীর সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, চোখ মানুষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। যাঁরা চোখে দেখতে পান না, তাঁরাই চোখের গুরুত্ব বুঝতে পারেন। বর্তমানে দেশে চোখের ছানির রোগী অনেক। এভাবে ছানি অপারেশনের সুযোগ পেলে অনেক অসহায় নারী-পুরুষ চোখের চিকিৎসা করাতে পারবেন। তাঁরা আরও বলেন, দেশের রাজনৈতিক জনপ্রতিনিধিরা এ ধরনের সেবামূলক কাজের উদ্যোগ নিলে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবেন। ভবিষ্যতেও এমন সেবামূলক কাজের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বাছাই করা ছানি রোগীদের মধ্যে যাঁরা বিনামূল্যে অপারেশনের যোগ্য, তাঁদের গাক চক্ষু হাসপাতালের নিজস্ব বাসে বগুড়ায় নিয়ে যাওয়া হয়। অপারেশন শেষে আবার হাসপাতালের বাসে তাঁদের নলডাঙ্গা ডায়াবেটিক সেন্টারে পৌঁছে দেওয়া হয়। বগুড়ার বনানীতে গাক চক্ষু হাসপাতালে রোগীদের যাওয়া-আসা, অপারেশন, ওষুধ, চশমা এবং থাকা-খাওয়ার সুব্যবস্থা বিনামূল্যে রয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. মামুনুর রশিদ মোল্লা, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক মো. আফতাব আলী, নলডাঙ্গা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌরসভা সভাপতি মো. সাইফুল ইসলাম, হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, নিজাম উদ্দিন, মো. জিয়ারুলসহ আরও অনেকে।
kalprakash.com/IM