বাগেরহাটের ফকিরহাটে নিজ বসতঘর থেকে শেখ মুজিবুর রহমান (৮০) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাগলা দেয়াপাড়া গ্রামের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
শেখ মুজিবুর রহমান ওই গ্রামের মৃত মশিউদ্দিন শেখ ওরফে শেখ মশিয়ার রহমানের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, তিনি বাড়িতে একাই বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁরা খাটের ওপর মুজিবুর রহমানের মরদেহ দেখতে পান। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল। এরপর থেকে তিনি বাড়ির বাইরে আসেননি। ধারণা করা হচ্ছে, উদ্ধারের দুই থেকে তিন দিন আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক সময় ও কারণ নিশ্চিত হওয়া যায়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, মুজিবুর রহমানের স্ত্রী ও ছেলে আগেই মারা গেছেন। তাঁর এক মেয়ে স্বামীর বাড়িতে থাকেন। নাতি মো. সাইদুর রহমান ইমনও অন্যত্র বসবাস করেন। এ কারণে তিনি বাড়িতে একাই থাকতেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
kalprakash.com/IM