দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের শ্বশুরের সঙ্গে মামলার আপস-মীমাংসা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালতে জামিন শুনানিতে বিষয়টি জানানো হয়।
শুনানিতে গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেলে বাদী মো. মাসুম বিল্লাহর কোনো আপত্তি নেই বলে জানান। পরে শুনানি শেষে আদালত মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করেন, তবে গাজী নজরুলের জামিন নামঞ্জুর করেন। ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত বাদীর জবানবন্দিও গ্রহণ করেন।
আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান জানান, বাদী আপস করে হলফনামা দিয়েছেন। তিনি বলেন, ‘কারাগারে থাকা গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের আপসের শর্তে জামিন চেয়েছিলাম। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত না। ইতোমধ্যে বাদীপক্ষের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে। শুনানিতে উপস্থিত থেকে বাদী জানিয়েছেন, দুই আসামির জামিন দিলে তাঁর আপত্তি নেই।’
এর আগে গত সোমবার দুই দফায় আট দিনের রিমান্ড শেষে গাজী নজরুলকে কারাগারে পাঠানো হয়। ওই দিন তদন্ত কর্মকর্তা রিমান্ডে জিজ্ঞাসাবাদের তথ্যের বরাতে আদালতকে জানান, ন্যাম ভবনের ফ্ল্যাটে গাজী নজরুল প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে নিয়ে শয়নকক্ষে থাকতেন। আর দ্বিতীয় স্ত্রী মরিয়মকে শয়নকক্ষের পাশের বারান্দায় মাঝে মাঝে রাত কাটাতে হতো। মরিয়ম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়ার কথা আদালতকে জানিয়েছিল পুলিশ।
গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাটের ভেতর থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।
kalprakash.com/IM