বাংলাদেশের সরকারি অনলাইন ভিসা আবেদন পোর্টালে কারিগরি ত্রুটির কারণে গত ২৩ সেপ্টেম্বর থেকে নতুন করে ভিসার আবেদন করা যাচ্ছে না। এতে বিদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া বন্ধ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে মন্ত্রণালয়।
গতকাল সোমবার সকাল থেকে একাধিকবার ভিসা আবেদন পোর্টালে প্রবেশের চেষ্টা করেও সফল হওয়া যায়নি। প্রতিবারই সেখানে ‘সার্ভার এরর’ দেখানো হয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের ভিসা আবেদন প্রক্রিয়াটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের আওতাধীন। দীর্ঘদিন এই পোর্টালের আধুনিকায়ন না করায় অতিরিক্ত আবেদন পড়লেই সার্ভার ডাউন হয়ে যায়। বর্তমানেও হঠাৎ করে সার্ভারটি ডাউন হয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাইলে তারা জানায়, সার্ভার ঠিক করার কাজ চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যা সমাধানে তাদের কারিগরি দল সার্বক্ষণিক কাজ করছে।
গত বুধবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশন এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, ‘সংশ্লিষ্ট সিস্টেমে কারিগরি সমস্যার কারণে নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) এনডোর্সমেন্ট ও ভিসা প্রক্রিয়াকরণ এবং ভিসা ইস্যুতে বর্তমানে বিলম্ব হচ্ছে।’
গত রোববার ভারতের নাগরিকেরা বাংলাদেশের ভিসার আবেদন করতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন ও কলকাতার ডেপুটি হাইকমিশনকে ট্যাগ করে অভিযোগ জানান। একজন লেখেন, ‘আপনাদের ভিসা আবেদন সাইট দুই দিন ধরে কাজ করছে না। আমি বাংলাদেশি ভিসা নিতে চেয়েছিলাম, কিন্তু সাইটটি কাজ করছে না। আবেদন পোর্টালে ত্রুটি দেখাচ্ছে এবং তিন দিন ধরে সেটিতে প্রবেশ করা যাচ্ছে না।’
এদিকে জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) কেন্দ্রীয় সিস্টেমে কারিগরি সমস্যার কারণে মেশিন রিডেবল ভিসা (এমআরভি) সার্ভার বর্তমানে সচল নেই। ফলে বার্লিনে বাংলাদেশ দূতাবাসে এনভিআর ও ভিসা আবেদনের প্রক্রিয়াকরণ এবং ভিসা ইস্যুতে সাময়িক বিলম্ব হচ্ছে।
ডিআইপির কেন্দ্রীয় সিস্টেম দ্রুত সচল করতে কাজ চলছে। এ পরিস্থিতিতে আবেদনকারীদের অতিরিক্ত সময় দেওয়ার অনুরোধ জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে আবেদনের অবস্থা জানতে বারবার যোগাযোগ না করার আহ্বান জানানো হয়েছে। কেন্দ্রীয় সিস্টেম পুনরায় চালু হলে স্বাভাবিক ভিসা কার্যক্রম শুরুর বিষয়টি দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে জানানো হবে।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মো. আলীমুল আমীন গণমাধ্যমকে জানান, ভিসা আবেদন ব্যবস্থা বর্তমানে বন্ধ রয়েছে। এতে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। রক্ষণাবেক্ষণ চুক্তির বিষয়েও কিছু সমস্যা থাকতে পারে। তিনি বলেন, ‘সমস্যা সমাধানে আমাদের কারিগরি দল সার্বক্ষণিক কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘সিস্টেমে ত্রুটির কারণে আমরা নতুন আবেদন নিচ্ছি না। তবে যাঁরা আগে আবেদন করেছেন, তাঁরা সময়মতো ভিসা পাবেন। সরকার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে দেখছে।’
অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো এবং যেসব দেশের নাগরিকদের অগ্রিম ভিসা প্রয়োজন হয় না, তাঁরা বাংলাদেশে এসে বিমানবন্দরে অন-অ্যারাইভাল ভিসা করে নিতে পারেন। তবু এই সমস্যা বড় ধরনের ইস্যু। দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
kalprakash.com/IM