মধ্যপ্রাচ্যের সংঘাত ও জ্বালানি সংকটের কারণে বিশ্বব্যাপী পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশেও পণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতি পর্যালোচনার জন্য আয়োজিত ন্যাশনাল মাল্টিস্টেকহোল্ডার কনসাল্টেশন কর্মশালার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, “জ্বালানি সংকট মরার উপর খাড়ার ঘাঁয়ের মতো পরিস্থিতি তৈরি করেছে। শুধু জ্বালানি নয়, এর প্রভাব পড়ছে সব ধরনের পণ্য, খাদ্যদ্রব্য এবং পুরো সরবরাহ ব্যবস্থার ওপর। ফলে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে; এ নিয়ে কোনো সন্দেহ নেই।”
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে তেলের দাম দ্বিগুণ এবং শ্রীলঙ্কায় বেড়েছে প্রায় ২৫ শতাংশ। বাংলাদেশে এখনো দাম বাড়ানো হয়নি, তবে কতদিন তা সম্ভব হবে, তা এখনই বলা যাচ্ছে না।
অর্থমন্ত্রী জানান, নির্বাচিত সরকার জনগণের ওপর চাপ কম রাখতে চেষ্টা করছে। তবে সরকারি তহবিল ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব শেষ পর্যন্ত জনগণের ওপরই পড়বে। তিনি বলেন, “বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”
এছাড়া এলডিসি গ্রাজুয়েশন প্রসঙ্গে তিনি জানান, ধাপে ধাপে বিএনপি-এর নীতিপত্র বাস্তবায়নের কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে এগুলো সম্পন্ন হলে দেশ গ্রাজুয়েশনের জন্য প্রস্তুত হবে এবং বিষয়টি জেনারেল অ্যাসেম্বলিতে উপস্থাপন করা হবে। তবে বর্তমানে গ্রাজুয়েশনের সুযোগ নেই।
kalprakash.com/SS