বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
লাভরভ আশা প্রকাশ করেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান অধিবেশন বিশ্বব্যাপী বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ ও হুমকি মোকাবিলায় সদস্য দেশগুলোকে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ তৈরি করবে।
২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহ চলাকালে ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। পরে রুশ দূতাবাসের এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি জানানো হয়।
বৈঠকে সাধারণ পরিষদের আলোচ্যসূচিতে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। এ সময় রাষ্ট্রগুলোর মধ্যে সংলাপের একটি প্রতিনিধিত্বশীল ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।
এ ছাড়া সাধারণ পরিষদের অভ্যন্তরীণ পরিবেশ আরও উন্নত করা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে সংলাপের সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তারা।
লাভরভ আশা প্রকাশ করেন, সাধারণ পরিষদের অধিবেশনের কার্যক্রম পেশাদারভাবে পরিচালিত হবে এবং তা রাজনৈতিকীকরণ থেকে মুক্ত থাকবে। একই সঙ্গে চলমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ ও সহযোগিতা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।