রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনের একটি কোচে আগুন লাগার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা অঞ্চলের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কমান্ড্যান্ট, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার।
রোববার রাত সাড়ে ৯টার দিকে ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনের একটি কোচে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাত ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঢাকা বিভাগ রেলওয়ের ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান জানান, আগুনে ট্রেনটির একটি কোচ পুড়ে গেছে। আগুন দ্রুত পুরো কোচে ছড়িয়ে পড়ার ধরন দেখে সেখানে পেট্রোল বা গানপাউডার ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে আগুনের প্রকৃত কারণ এবং এতে কোনো নাশকতা ছিল কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। তদন্ত কমিটিকে ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
kalprakash.com/IM