প্রজ্ঞাপন প্রকাশের প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় বেতন স্কেল-২০২৬-এর প্রজ্ঞাপন জারি হতে পারে। ইতোমধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) প্রজ্ঞাপন ছাপার কাজ চলছে। শনিবার দুপুরের পর এটি প্রকাশের প্রস্তুতি রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দেওয়া হয়। ওই সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছিলেন, দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে। তবে আইনগত যাচাইসহ বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়ার কারণে প্রজ্ঞাপন প্রকাশে সময় লাগে। গত ১৭ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানোর খবরও প্রকাশিত হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রয়োজনীয় ভেটিং ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে প্রজ্ঞাপন ছাপার কাজ বিজি প্রেসে চলছে। এরপর আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হবে।
নতুন জাতীয় বেতন স্কেলে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। এতে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ গ্রেডভেদে মূল বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত।
নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। তবে বর্ধিত মূল বেতন একসঙ্গে কার্যকর না হয়ে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। ১০ম থেকে ২০তম গ্রেডে বর্ধিত অংশের ৫০ শতাংশ, ২৫ শতাংশ ও ২৫ শতাংশ এবং প্রথম থেকে নবম গ্রেডে ৪০ শতাংশ, ৩০ শতাংশ ও ৩০ শতাংশ হারে তা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
এদিকে নতুন বেতন কাঠামোয় বিভিন্ন ভাতার ক্ষেত্রেও পরিবর্তন আনার বিষয়টি সামনে এসেছে। বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াতসহ বিভিন্ন ভাতা নতুন কাঠামোয় দেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব সুবিধা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার পরিকল্পনার কথাও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ২০২৫ সালে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। কমিশন ২০২৬ সালের জানুয়ারিতে সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। পরে ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সেই প্রক্রিয়ার পর গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দেওয়া হয়।
kalprakash.com/IM