ঝিনাইদহের মহেশপুরে গোয়ালঘরের পানি গড়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিবেশীর মারধরে আব্দুল জব্বার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হুদা শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল জব্বার শ্রীরামপুর গ্রামের মৃত আনছার মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে গ্রামের সাইকেল মেকানিক আব্দুল জব্বারের গোয়ালঘরের পানি গড়িয়ে বাড়ির সামনের রাস্তায় যায়। এ নিয়ে প্রতিবেশী পলাশ হোসেনের সঙ্গে আব্দুল জব্বারের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পলাশ হোসেন ও তার পরিবারের লোকজন আব্দুল জব্বারকে মারধর করেন।
এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান বলেন, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর সঙ্গে জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
kalprakash.com/IM