ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। কেবল বেতন-ভাতাকে পেশাগত জীবনের মূল লক্ষ্য হিসেবে বিবেচনা না করে শিক্ষার্থীদের নৈতিক ও কর্মমুখী নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, পৃথিবীর বহু মনীষী কোনো ধরনের স্বার্থ ছাড়াই মানুষ ও সমাজের কল্যাণে অবদান রেখেছেন। শিক্ষকতাকে ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে গ্রহণ করতে হবে। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, পরীক্ষায় অসদুপায় পরিহার করা এবং অর্জিত জ্ঞান শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব।
তিনি আরও বলেন, শুধু সংখ্যা নয়, গুণগত মানই আসল। প্রয়োজনে শিক্ষার্থী সংখ্যা কমিয়ে আনা হবে, তারপরও শিক্ষার মান রক্ষা করা হবে। এ সময় তিনি শিক্ষকদের গুণগত শিক্ষার ওপর বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
আইআইইআর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM