‘শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা মানুষের অধিকার’—এই স্লোগানকে সামনে রেখে ৬৪তম ঐতিহাসিক শিক্ষা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভে তারা এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সবুজ, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মিরাজ, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মোফাজ্জেল হোসাইন বরকত, সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল আলিম সৌরভসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সবুজ বলেন, ‘স্বৈরশাসক আইয়ুব খান ক্ষমতায় আসার পর থেকেই মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করার চেষ্টা করেন। ১৯৫৯ সালে ‘শরিফ শিক্ষা কমিশন’ গঠন করে শিক্ষাকে একটি লাভজনক পণ্যে পরিণত করেন। এর মাধ্যমে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের শিক্ষা অধিকার কেড়ে নেওয়া হয়। ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর ছাত্র ইউনিয়নের নেতৃত্বে শরিফ শিক্ষা কমিশনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন করা হয়। পুলিশের গুলিতে ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুল ও সুন্দর আলীসহ অনেকে শহীদ হন। এটিই ছিল স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে প্রথম আঘাত, যা ৬৯-এর গণঅভ্যুত্থান ও ৭১-এর মুক্তিযুদ্ধের ভিত্তি রচনা করে।’
তিনি আরও বলেন, ‘ইবিতে ইসলামিক স্টাডিজ কোর্স সব ধর্মের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি। এ ছাড়া শিক্ষাকে অসাম্প্রদায়িক, গবেষণাধর্মী ও বাস্তবমুখী করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাই।’
kalprakash.com/IM