জাপানের রাজধানী টোকিওতে মডেল ও অভিনেত্রী হানা কুরাকির (২৫) মরদেহ তার সাবেক প্রেমিকের ভাড়া করা একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে। গত শনিবার (১২ সেপ্টেম্বর) এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য উইক।
প্রতিবেদন অনুযায়ী, মর্মান্তিক এই ঘটনাটি নিয়ে টোকিও মেট্রোপলিটন পুলিশ কিংবা হানা কুরাকির ক্যারিয়ার ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘এসওয়ান’ (S1) এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর সম্ভাব্য কারণ নিয়ে নানা ধরনের গুঞ্জন ও জল্পনা-কল্পনা ছড়ালেও তার কোনোটিই আনুষ্ঠানিক তদন্তে নিশ্চিত হওয়া যায়নি।
জাপানি ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মৃত্যুর আগে হানা একটি সুইসাইড নোট বা চিরকুট রেখে গিয়েছিলেন। ওই চিরকুটের সূত্রে জানা যায়, তার সাবেক প্রেমিক শোতা তাইরা গত বছরের নভেম্বর মাসে তার ব্যক্তিগত অ্যাপার্টমেন্টে জোরপূর্বক ঢুকে মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে যান। ওই ঘটনায় হামলা ও চুরির অভিযোগে তাইরাকে পুলিশ গ্রেপ্তারও করেছিল। চিরকুটে হানা অভিযোগ করেন, ওই ঘটনার পর থেকেই শোতা তাইরার বাবার পক্ষ থেকে তাকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল এবং মানসিক চাপের মুখে তিনি একপর্যায়ে আপস-মীমাংসায় বাধ্য হয়েছিলেন।
এদিকে ফ্ল্যাটের মালিক সাকিতো জানান, তিনি নিজে প্রথম মরদেহ উদ্ধার করেছেন বলে গণমাধ্যমে যে তথ্য এসেছে তা সঠিক নয়। তার ভাষ্য অনুযায়ী, হানার এক ঘনিষ্ঠ বন্ধু প্রথম ফ্ল্যাটে গিয়ে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি বাড়ির মালিককে অবহিত করেন। পরে বাড়ির মালিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের জরুরি নম্বরে ফোন দেন। একই সময়ে সাবেক প্রেমিক শোতা তাইরাকেও খবর পাঠানো হয় এবং ঘটনার প্রায় দুই ঘণ্টা পর তিনি সেখানে উপস্থিত হন।
পেশাগত জীবনের শুরুর দিকে হানা কুরাকি একজন প্রফেশনাল বিউটিশিয়ান হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং বিভিন্ন প্রজেক্টে হেয়ার ও মেকআপ সহকারী হিসেবে কাজ করেন। পরবর্তীতে ২০২৪ সালে এসওয়ান লেবেলের ফ্যাশন মডেল হিসেবে আত্মপ্রকাশের পাশাপাশি একটি জনপ্রিয় ফটোবুক প্রকাশ করেন তিনি। একই বছর অভিনেত্রী হিসেবেও যাত্রা শুরু করেছিলেন এই তরুণী।
kalprakash.com/IM