নতুন বছর শুরু হতে এখনো কয়েক মাস বাকি। এরই মধ্যে ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর কবে হতে পারে, তা নিয়ে মুসলমানদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রমজান শুরু হতে পারে। আর সম্ভাব্য হিসাবে ঈদুল ফিতর হতে পারে ১০ মার্চ, বুধবার। তবে রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর।
জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার চেষ্টা করা হবে। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সেদিন রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করা হবে। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে রোজা।
তবে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে এক দিন পিছিয়ে যেতে পারে রমজান শুরুর তারিখ। ইসলামি ক্যালেন্ডারে মাসের শুরু চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের সঙ্গে চূড়ান্ত তারিখে কিছুটা পার্থক্য হতে পারে।
শনিবার (১২ সেপ্টেম্বর) শুরু হয়েছে ১৪৪৮ হিজরি সনের রবিউসানি মাস। এর মধ্য দিয়ে ২০২৭ সালের রমজান শুরুর আগে শেষ পাঁচ চন্দ্রমাসে প্রবেশ করেছে ইসলামি বর্ষপঞ্জি।
ইসলামি বর্ষপঞ্জি গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন ছোট। সাধারণত ইসলামি বছর ৩৫৪ দিনের হওয়ায় প্রতিবছর রমজান আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে আসে। এভাবে প্রায় ৩৩ বছরের মধ্যে বছরের সব ঋতুতেই রমজান পালিত হয়।
চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হতে পারে। সে অনুযায়ী শাওয়ালের চাঁদ দেখা গেলে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। ২০২৭ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে ১০ মার্চ, বুধবার। তবে এই তারিখও চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
রমজান ইসলামি বর্ষপঞ্জির নবম মাস এবং মুসলমানদের কাছে বছরের অন্যতম পবিত্র সময়। এ মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআনের প্রথম আয়াত নাজিল হয়।
রমজান মাসে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন। পাশাপাশি নামাজ, দান-সদকা, আত্মসংযম এবং পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
kalprakash.com/IM