রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় বিমানযোগে তার সিলেটে পৌঁছানোর কথা রয়েছে।
রাষ্ট্রপতির এই আগমন ও নাগরিক সংবর্ধনাকে কেন্দ্র করে সিলেটজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বেশ কয়েক দিন ধরেই চলছে নগরীর সৌন্দর্যবর্ধন ও সংস্কারকাজ। রাষ্ট্রপতির নিরাপত্তায় পুরো নগরীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সব মিলিয়ে পুণ্যভূমি সিলেটে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
ঘোষিত সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে সিলেটের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। বেলা সোয়া ১১টায় তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রাসহ বেলা ১১টা ৫০ মিনিটে তিনি সিলেট সার্কিট হাউজে পৌঁছাবেন। সেখানে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণের পর দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.) এবং দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি।
এরপর বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগর ভবনে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি পুনরায় সার্কিট হাউজে অবস্থান করবেন এবং রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।
রাষ্ট্রপতির সফর উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, সফরকে কেন্দ্র করে সিলেট মহানগর পুলিশের পর্যাপ্তসংখ্যক কর্মকর্তা ও ফোর্স মোতায়েন রাখা হয়েছে। সফরের দিন এক হাজার নিয়মিত পুলিশ সদস্যের পাশাপাশি আরও ২০০ সদস্য অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া নিরাপত্তার অংশ হিসেবে পুলিশের বিশেষ ইউনিটগুলোও মাঠে সক্রিয় রয়েছে।
পুলিশ কমিশনার আরও জানান, রাষ্ট্রপতির নিরাপত্তায় মহানগর পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ভেন্যুতে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়া নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার নজরদারির আওতায় রাখা হয়েছে।
kalprakash.com/IM