স্বাস্থ্যসেবায় অনিয়ম, অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি সতর্ক করে বলেছেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কোনো পূর্বঘোষণা ছাড়াই মুগদা জেনারেল হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের সময় কয়েকটি অনিয়মও তার নজরে আসে।
হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী। এ সময় অনেকে অভিযোগ করেন, প্রয়োজনের সময় চিকিৎসকদের পাওয়া যায় না। পাশাপাশি দায়িত্ব পালনরত নার্সদের সহযোগিতার ঘাটতি ও রোগীদের প্রতি অবহেলার অভিযোগও তোলেন তারা।
রোগী ও স্বজনদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনার পর স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাসেবায় অবহেলা কিংবা অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
এদিকে হাম প্রতিরোধে ৪ কোটি টিকা সংগ্রহের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলেও জানান তিনি।
এ ছাড়া আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশে তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করার কথা জানান সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তার ভাষ্য অনুযায়ী, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন।