কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের পর্দা নেমেছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং লোকপ্রশাসন বিভাগের মধ্যকার রোমাঞ্চকর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। টুর্নামেন্টজুড়ে গোল, অ্যাসিস্ট, রক্ষণভাগ ও গোলপোস্টের নিচে অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়েছে।
এবারের টুর্নামেন্টে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তাসনিমুর রহমান তানিম। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ‘ম্যান অব দ্য ফাইনাল’ ও ‘সেরা গোলদাতা’র দ্বৈত পুরস্কার অর্জন করেছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মো. আমির। এছাড়া সেরা ‘গোলরক্ষক’ নির্বাচিত হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম।
ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পাওয়া তাসনিমুর রহমান তানিম বলেন, ‘আমি দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। পুরো দল ভালো খেললেও শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হতে পেরে আনন্দিত এবং এই অর্জন আমি দলের সবাইকে উৎসর্গ করছি।’
সেরা গোলদাতা ও ম্যান অব দ্য ফাইনাল মো. আমির বলেন, ‘দীর্ঘ এক মাস ধরে আমরা প্রতিদিন সকাল ৬টা থেকে কঠোর অনুশীলন করেছি। আলহামদুলিল্লাহ, সেই পরিশ্রমের ফল হিসেবে আমরা টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছি। সেরা গোলদাতা হওয়ার পেছনে পুরো দলের অবদান রয়েছে, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এই গৌরবের ধারাবাহিকতা আগামীতেও ধরে রাখার চেষ্টা করব।’
সেরা গোলরক্ষক মাজহারুল ইসলাম বলেন, ‘প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া। আমরা টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে পেরেছি এবং গত বছরের সেরা গোলরক্ষকের খেতাবও ধরে রাখতে পেরেছি, এজন্য অত্যন্ত আনন্দিত।’
উল্লেখ্য, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে লোকপ্রশাসন বিভাগকে ২-১ গোলে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ।
kalprakash.com/IM