নিজের দেশের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পেকে ছাপিয়ে ২০২৬ ব্যালন ডি’অরের দৌড়ে লিওনেল মেসিকেই সবার ওপরে রাখছেন ফরাসি ফুটবল কিংবদন্তি ও ফ্রান্স জাতীয় দলের প্রধান কোচ জিনেদিন জিদান। ৩৯ বছর বয়সেও ফুটবলের শীর্ষ স্তরে আর্জেন্টাইন মহাতারকার এমন আধিপত্য দেখে মুগ্ধ টানা তিনবারের চ্যাম্পিয়নস লিগজয়ী এই কোচ।
২০২৫-২৬ মৌসুমে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফর্ম করে মেজর লিগ সকার (এমএলএস) শিরোপা জেতান মেসি। ক্লাবটির জার্সিতে ৪৯ ম্যাচে ৪৫টি গোল ও ৩০টি অ্যাসিস্টের অবিশ্বাস্য পরিসংখ্যান গড়েন তিনি। এরপর ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার পথে আসরে একাই করেন ৮টি গোল। এই অসাধারণ পারফরম্যান্সের ওপর ভর করেই ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেন তিনি।
মেসির এমন অনন্য ছন্দে বিস্ময় প্রকাশ করে জিনেদিন জিদান বলেন, ‘আমি হলে মেসিকে ১০০ বার ভোট দিতাম। আমার মনে হয় মানুষ এখনো বুঝতে পারছে না, ৩৯ বছর বয়সে এসেও বিশ্বের সেরা ফুটবলারদের তালিকায় থাকাটা কতটা অবিশ্বাস্য ব্যাপার।’
ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা কে—সেই বিতর্ককেও এক তুড়িতে উড়িয়ে দিয়েছেন জিজু। স্পষ্ট ভাষায় তিনি বলেন, ‘মেসি যদি আবার এই পুরস্কার জেতে, তাতে আমি বিন্দুমাত্র অবাক হব না। যার মনে এখনো সর্বকালের সেরা নিয়ে সন্দেহ আছে, সত্যি বলতে ফুটবল সমাজে তার কোনো স্থান থাকা উচিত নয়।’
kalprakash.com/IM