লিওনেল মেসির যুগের আনুষ্ঠানিক অবসানের পর আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। ২০২৬ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানান ৩৯ বছর বয়সী এই ফুটবল জাদুকর। আলবিসেলেস্তেদের দায়িত্ব কার কাঁধে উঠছে—তা নিয়ে চলা জোর আলোচনার অবসান ঘটিয়ে দলের নতুন দলপতি হিসেবে ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোর নাম ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক গ্যাস্টন এদুলের বরাতে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২৮ বছর বয়সী এই নির্ভরযোগ্য সেন্ট্রাল ডিফেন্ডারের ওপর স্কালোনির এই আস্থা কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়। বৈশ্বিক আসরের বহু মাস আগেই এ রূপরেখা চূড়ান্ত করে রেখেছিল আলবিসেলেস্তেদের কোচিং স্টাফ। মেসি ও অভিজ্ঞ নিকোলাস ওটামেন্দির অবসরের পর রক্ষণভাগের প্রধান স্তম্ভ রোমেরোর হাতেই যে নেতৃত্বের আর্মব্যান্ড উঠবে, তা একপ্রকার নির্ধারিতই ছিল।
বর্তমানে আতলেতিকো মাদ্রিদের হয়ে মাঠ মাতানো এই তারকা ডিফেন্ডার আর্জেন্টিনার সাম্প্রতিক সোনালি অধ্যায়ের অন্যতম প্রধান রূপকার। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয়, ২০২২ ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরার পেছনে তাঁর অবদান ছিল অসামান্য।
অধিনায়ক হিসেবে আর্জেন্টিনা ফুটবলের নতুন এক যুগ শুরু করতে যাচ্ছেন রোমেরো। মাঠের নেতৃত্বের এই নতুন মিশনে তাঁর সহযোগী ও সহ-অধিনায়ক হিসেবে পাশে পাচ্ছেন বিশ্বকাপজয়ী তারকা গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজের মতো অভিজ্ঞ ও প্রভাবশালী সতীর্থদের।
kalprakash.com/IM