গ্যাস পাইপলাইনের উন্নয়ন, স্থানান্তর ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানী ঢাকা ও বগুড়ার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এর মধ্যে ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা আট ঘণ্টা এবং বগুড়া শহর ও আশপাশের এলাকায় টানা ২০ ঘণ্টা সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট গ্যাস বিতরণকারী কর্তৃপক্ষ।
রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না: শাহজাহানপুর রেলক্রসিং এলাকায় গ্যাস পাইপলাইনের উন্নয়ন ও লাইন স্থানান্তর কাজের কারণে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা ঢাকার নির্দিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, শাহজাহানপুর রেললাইনের উভয় পাশে নতুন ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের গ্যাস বিতরণ পাইপলাইন স্থানান্তরের জরুরি টাই-ইন কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর ফলে বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট এবং তৎসংলগ্ন এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। তিতাস গ্যাস জানিয়েছে, নির্ধারিত সময়ের কাজ শেষ হওয়ামাত্রই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ: অন্যদিকে, গ্যাস সঞ্চালন লাইনের জরুরি টাই-ইন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য বগুড়া শহর ও এর আশপাশের অঞ্চলে টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর নেটওয়ার্কে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। মূলত বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ শাটডাউন কার্যকর করা হচ্ছে।
এ সময়ে বগুড়া শহর ও সংলগ্ন এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প-কারখানা, ক্যাপটিভ পাওয়ার ও সিএনজি স্টেশনসহ সব শ্রেণির গ্রাহক গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। সাময়িক এ ভোগান্তির জন্য পিজিসিএল কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
kalprakash.com/IM