কিশোরগঞ্জের অষ্টগ্রামে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সঙ্গে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি অষ্টগ্রাম উপজেলা শাখার নেতৃবৃন্দের পরিচিতি সভা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা সম্প্রসারিত ভবনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি অষ্টগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. গিয়াসউদ্দিন শিক্ষকদের বিভিন্ন সমস্যা, অধিকার ও পেশাগত মর্যাদার বিষয় তুলে ধরে বক্তব্য দেন। তিনি প্রাথমিক শিক্ষকদের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলো সমাধানে নবাগত ইউএনওর কার্যকর সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত বক্তারা প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরে এসব বিষয়ে প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত মর্যাদা ও নায্য অধিকার সুরক্ষায় প্রশাসনের ইতিবাচক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
পরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস তাঁর বক্তব্যে শিক্ষকদের উত্থাপিত বিভিন্ন বিষয় ও সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের সার্বিক কল্যাণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় জানান তিনি।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শহিদুল হক খন্দকার, সিনিয়র সহ-সভাপতি তৌফিকুল ইসলাম, নির্বাহী সভাপতি তপন সরকার, নির্বাহী সম্পাদক জয়নাল আবেদীন মোল্লা, প্রচার সম্পাদক শেখ আল-আমিন, দেওঘর ইউনিয়ন সভাপতি মাসুদুল ইসলাম রানা, সদর ইউনিয়ন সভাপতি আকবর আলী ও দোলনরানী সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে অষ্টগ্রাম উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান রবিন উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM