দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১২০ পিস স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। জব্দকৃত এই স্বর্ণের মোট ওজন প্রায় ১৪ দশমিক ০৪০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ কোটি ৫৭ লাখ ১৪ হাজার টাকা।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিমানের ফ্লাইট নম্বর বিজি-১৪৮-এ দায়িত্বরত এক মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আমিনুল ইসলাম স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
কাস্টমস ও বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিজি-১৪৮ ফ্লাইটে বিশেষ নজরদারি ও তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ওই ফ্লাইটে কর্মরত মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ১২০ পিস স্বর্ণ উদ্ধার করা হয়। পরবর্তীতে উপস্থিত কর্মকর্তাদের সামনে জব্দকৃত স্বর্ণের ওজন ও পরিমাণ যাচাই-বাছাই করা হয়।
এ ঘটনায় আটক মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে স্বর্ণগুলো কীভাবে বিমানের ভেতরে নেওয়া হলো এবং এই আন্তর্জাতিক চোরাচালানের সঙ্গে বিমানের অন্য কেউ বা কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তারা।
চাঞ্চল্যকর এই ঘটনার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট বিভাগ এবং বিমানবন্দরে দায়িত্বরত বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মধ্যেও নজরদারি ও তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
kalprakash.com/IM