মা জেলে থাকায় তিন শিশুসন্তানকে নিয়ে চরম বিপাকে পড়েছেন এক বাবা; ফলে শিশুদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। মা ছাড়া অবুঝ শিশুরা প্রতিনিয়ত কান্নাকাটি করে মাকে কাছে পেতে চাইছে। শুক্রবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী বাবুল মিয়া।
সংবাদ সম্মেলনে বাবুল মিয়া উল্লেখ করেন, স্থানীয় কিছু মাদক কারবারির সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলে আসছিল। এর জের ধরে মাদক কারবারিরা তাকে এলাকাছাড়া করাসহ বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়ে আসছিল। সম্প্রতি তারা তার বাড়ির কাজের লোক—সুরমা চা-বাগানের রেঙ্গু টিলা এলাকার বাসিন্দা কুন্ডল মুন্ডাকে ৩০ হাজার টাকার লোভ দেখিয়ে কৌশলে বাড়িতে মাদক রেখে যায়।
এরই ধারাবাহিকতায় গত ২৭ আগস্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বাবুল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। সেখান থেকে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং এতে সম্পৃক্ততার অভিযোগে বাবুল মিয়ার স্ত্রী ফাতেমা বেগমকে আটক করে নিয়ে যায়।
ফাতেমা বেগমের গ্রেপ্তারের পর থেকে তার তিন শিশুসন্তান চরম অসহায় ও দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছে। সংবাদ সম্মেলনে বাড়ির কাজের লোক কুন্ডল মুন্ডা স্বীকার করে বলেন, “কিছু লোক আমাকে ৩০ হাজার টাকার লোভ দেখিয়ে মাদকগুলো বাবুল মিয়ার বাড়িতে রাখতে বলেছিল। তাদের কথাতেই আমি এই কাজটি করেছি।”
বাবুল মিয়া আরও জানান, এলাকার কিছু মাদক কারবারি তার বাড়ির সামনের রাস্তা দিয়ে মাদক পরিবহন করত। এতে বাধা দিলে তারা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। সম্প্রতি হৃদয় নামে এক ব্যক্তি তাকে মুঠোফোনে কল করে এলাকাছাড়া করার হুমকি দেয় এবং এর পরপরই এ ঘটনা ঘটে।
kalprakash.com/IM