বাগেরহাটের শরণখোলা উপজেলা সংলগ্ন সুন্দরবন এলাকা থেকে পরিত্যক্ত তিনটি প্লাস্টিকের বস্তায় থাকা ৩৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হলেও বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে তা আনুষ্ঠানিকভাবে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়। বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাপদার অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানা যায়, সুন্দরবনের হরিণটানা এলাকার শ্যাওলা নদীর তীরে গড়াইল বাগানে বিশেষ অভিযান পরিচালনা করছিল র্যাব-৬-এর একটি আভিযানিক দল। এ সময় ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় সন্দেহজনক বস্তু পড়ে থাকার গোপন খবর আসে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।
পরে বস্তাগুলো খুলে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি শটগান ও চারটি দেশীয় তৈরি পাইপগানসহ মোট ৩৩টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে দেশীয় তৈরি পুরোনো ওয়ান শুটারগানসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র রয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রগুলো সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। সুন্দরবনকেন্দ্রিক বনদস্যু বা কোনো অপরাধী চক্র নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র সেখানে মজুত করেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
উদ্ধার করা অস্ত্রগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুসরণের জন্য শরণখোলা থানায় জমা দেওয়া হয়েছে।
kalprakash.com/IM