কলকাতার বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পর্দার রসায়নের পাশাপাশি বাস্তবেও একসময় তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সময়ের ব্যবধানে সেই সম্পর্ক অতীত হলেও তাঁদের পারস্পরিক বন্ধুত্ব ও শ্রদ্ধাবোধ এখনো অটুট। সম্প্রতি ‘দেশু৭’ সিনেমার র্যাপ-আপ পার্টিতে দেবের সঙ্গে পুনরায় কাজ করার নেপথ্যের গল্প এবং ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের গভীর রাতের একটি ফোনকলের স্মৃতি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী শুভশ্রী।
শুভশ্রী জানান, থার্টি ফার্স্ট নাইটে স্বামী ও নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে বিদেশে ছুটি কাটাচ্ছিলেন তিনি। ভারতীয় সময় তখন রাত প্রায় ২টা। হঠাৎ ফোনে দেবের একটি মিসড কল দেখতে পান। সেই মুহূর্তের কথা স্মরণ করে শুভশ্রী বলেন, মিসড কলটি দেখেই তিনি বুঝতে পেরেছিলেন, ফোনের কারণ যা-ই হোক না কেন, দেবের পাশে তাঁকে দাঁড়াতেই হবে।
পরবর্তীতে ফোনকলে দেব তাঁকে জানান, চিত্রনাট্য, পরিচালক কিংবা বিষয়বস্তু কিছুই তখনো চূড়ান্ত নয়; কিন্তু তিনি একটি নতুন চলচ্চিত্রের ঘোষণা দিতে চান এবং তাতে শুভশ্রী কাজ করবেন কি না। দেবের প্রতি থাকা গভীর আস্থার কারণে কোনো কিছু না জেনেই তাৎক্ষণিকভাবে অভিনয়ে সম্মতি দেন তিনি।
শুধু অভিনয়ে রাজি হওয়াই নয়, পরিচালক হিসেবে দেবের কাজের প্রশংসাও করেন শুভশ্রী। তিনি জানান, ফটোশুটের সময় দেবের পরিকল্পনা ও দূরদর্শিতা দেখে তিনি মুগ্ধ হন। পরবর্তীতে শুটিং সেটে পরিচালকের আসনে দেবের পেশাদারিত্ব ও দক্ষতা দেখে তাঁর প্রতি শ্রদ্ধা আরও বৃদ্ধি পায়।
দীর্ঘদিন পর ‘দেশু৭’ চলচ্চিত্রের মাধ্যমে আবারও বড়পর্দায় ফিরছে জনপ্রিয় ‘দেব-শুভশ্রী’ জুটি। প্রিয় এই জুটির নতুন রসায়ন দেখার অপেক্ষায় রয়েছেন দুই বাংলার দর্শক ও ভক্তরা।
kalprakash.com/IM