মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৩০:৩৬

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম, শেয়ারবাজারে ধস

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৭
শেয়ার: mail
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম, শেয়ারবাজারে ধস

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। একই সঙ্গে বৈশ্বিক মূল্যস্ফীতি বৃদ্ধি ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার বাড়ানোর আশঙ্কায় মঙ্গলবার বিশ্বজুড়ে বেশিরভাগ শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরীয় অঞ্চলে কয়েক সপ্তাহের আপেক্ষিক শান্ত পরিস্থিতির পর পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ইরানের লারাক দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় বিমান হামলা চালায়। এর জবাবে ইরান জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানে। এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোরভাবে আঘাত করার হুঁশিয়ারি দিয়েছেন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দুটি প্রধান আন্তর্জাতিক বেঞ্চমার্কেই মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে, যা আগের দিনের ২ শতাংশের বেশি বৃদ্ধির ধারাবাহিকতা। এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতি আরও বৃদ্ধির শঙ্কা তৈরি হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বেড়েছে। এর ফলে মার্কিন ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ২০২৫ সালের জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে এবং জাপানের ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদহার ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে।

এর নেতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক শেয়ারবাজারগুলোতে। মঙ্গলবার এশিয়ার টোকিও, হংকং, সিউল, সাংহাই, সিডনি, সিঙ্গাপুর ও ওয়েলিংটনের পুঁজিবাজারে দরপতন ঘটেছে; তবে তাইপে, ম্যানিলা ও জাকার্তায় সূচক কিছুটা ইতিবাচক ছিল। হংকংয়ের শেয়ারবাজারে লেনদেনের প্রথম দিনেই ফাস্ট-ফ্যাশন জায়ান্ট শেইনের শেয়ারদর ৯ শতাংশের বেশি কমেছে। অন্যদিকে তাইওয়ানের চিপ নির্মাতা মিডিয়াটেকে এনভিডিয়া ৩৫০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণার পর প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম, শেয়ারবাজারে ধস

বিস্তারিত কমেন্টে